কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। আজ বৃহস্পতিবার (১৩ জুন) তিনি কমলাপুর স্টেশনে যান। সেখান থেকে ছেড়ে যাওয়া ট্রেনে ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের শুভেচ্ছা জানান মন্ত্রী। রেলমন্ত্রী চট্রগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের সঙ্গেও কুশল বিনিময় করেন।

রেলমন্ত্রী বলেন, আমরা সফলতার সঙ্গে বুধবার যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিয়েছি। যা সম্ভব হয়েছে রেলওয়ে কর্মকর্তা কর্মচারী ও নিরাপত্তা বাহিনীদের সহযোগিতায়। আমরা চেষ্টা করছি যে সীমিত সামর্থ্যের মধ্যেই যাত্রীদের বাড়ি পৌঁছে দিতে।

তিনি আরো বলেন,  ঢাকা থেকে প্রতিদিন ৬৪ ট্রেন ছেড়ে যায়। আজ দুই একটা ট্রেন বাদে ৩০টা ট্রেন সময়মতো ছেড়ে গেছে। নিরাপদ ঈদযাত্রার লক্ষ্যে রেলওয়ে কাজ করে যাচ্ছে। এছাড়াও  আম ও গবাদিপশু পরিবহনের জন্য স্পেশাল ট্রেন চালু করেছি।

এ সময়  রেলপথ সচিব হুমায়ুন কবীর, মহাপরিচালক সরদার সাহাদাত আলীসহ রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।