ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজকে পৃথক স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে রাজধানীর নীলক্ষেত ও সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। আজ সোমবার (২১ অক্টোবর) সকালে তারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।
সকাল থেকেই শিক্ষার্থীরা ঢাকা কলেজের সামনে জমায়েত হতে শুরু করে। পরে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা কলেজে যোগ দেন। বেলা ১১টার দিকে তারা মিছিল শুরু করেন। মিছিলটি ঢাকা কলেজ থেকে সায়েন্সল্যাব হয়ে নীলক্ষেতে যায় এবং পুনরায় ঢাকা কলেজে ফিরে আসে।
দুপুর ৩টা পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, সায়েন্সল্যাব, নিউ মার্কেট এবং নীলক্ষেত এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এর ফলে আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে, যা সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়েছে।
বিক্ষোভে শিক্ষার্থীরা ‘অধিভুক্তি নাকি মুক্তি’; ‘শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না’; ‘আর নয় দাসত্ব, হতে চাই স্বতন্ত্র’; ‘ঢাবির জায়গায় ঢাবি থাক, সাত কলেজ মুক্তি পাক’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।
বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, ২০১৭ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল। তবে এই সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ অপরিকল্পিত। ফলে গত আট বছরে শিক্ষার মান উন্নয়ন হয়নি। বরং শিক্ষার্থীদের শিক্ষাজীবনে নানা সমস্যা তৈরি হয়েছে। তারা দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বৈষম্যমূলক নীতির কারণে সাত কলেজের শিক্ষার্থীরা ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।









