রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ পদত্যাগ করেছেন। গতকাল বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী। এদিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রক্টর ও হল প্রভোস্টসহ ছয় কর্মকর্তা পদত্যাগ করেছেন। উপাচার্য (ভিসি) অধ্যাপক জামাল উদ্দিন ভুঞা ক্যাম্পাস ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে।

বেরোবি সূত্রে জানা গেছে, ৬ আগস্ট বেরোবির গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরা পদত্যাগ করেন। এর মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. শরিফুল ইসলাম, পরিবহন পরিচালক ড. কামরুজ্জামান, গ্রন্থাগার পরিচালক অধ্যাপক ড. গাজী মাজহারুল আনোয়ার ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক ড. বিজন মোহন চাকী। তারা তাদের পদত্যাগপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে জমা দেন।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদ বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে মারা যান। শিক্ষক-শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বেরোবি ভিসি পদত্যাগ করলেন।

অধ্যাপক ড. হাসিবুর রশীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ২০২১ সালের ১৪ জুন যোগ দেন।

অন্যদিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক জামাল উদ্দিন ভুঞা ক্যাম্পাস ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে। প্রক্টর ও হল প্রভোস্টসহ ছয় কর্মকর্তা পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক সিদ্দিকুল ইসলামের কাছে ওই ছয় কর্মকর্তা পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্রে তারা ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।

ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সিদ্দিকুল ইসলাম বলেন, ‘আমি ছুটিতে। প্রক্টর ও হল প্রভোস্টসহ ছয় কর্মকর্তা আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগ করা ছয় কর্মকর্তা হলেন প্রক্টর অধ্যাপক ড. মো. সাদ উদ্দিন মাহফুজ, আইসিটি বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম, শাহ এএমএস কিবরিয়া, হলের প্রভোস্ট অধ্যাপক ড. অনিমেষ চন্দ্র রায়, নিরাপত্তা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহযোগী পরিচালক অধ্যাপক ড. শামীমা নাসরিন ও ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. মো. বাশিরউদ্দিন।

অন্যদিকে নাম অপ্রকাশিত রাখার শর্তে এক কর্মকর্তা জানান, বুধবার ক্যাম্পাস ছেড়েছেন উপাচার্য অধ্যাপক জামাল উদ্দিন ভুঞা। শেখ হাসিনার পদত্যাগের দুদিন পর তিনি পালিয়ে যান। অধ্যাপক জামাল উদ্দিন শুরুতে বিএনপিপন্থী ছিলেন। পরে আওয়ামী লীগের সময় নীতি বদল করেন। গত বছর উপাচার্য হিসেবে নিয়োগ পান তিনি।