আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নম্বর রাঙ্গামাটি আসনের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে নির্বাচন থেকে সরে যেতে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাঙ্গামাটির কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পহেল চাকমা। প্রার্থী বলেন, ‘অজ্ঞাত দুই ব্যক্তি আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলে এবং মারার হুমকি দেয়। আমি থানায় ডায়েরি করেছি এবং প্রচারণাসহ জীবনের নিরাপত্তা চেয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছি।’ বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান কোতোয়ালি থানার ওসি মো. জসিম উদ্দীন।