অবশেষে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে যোগ দিল জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল। প্রথম দিনের বৈঠকে অংশ না নিলেও আজ বুধবার (১৮ জুন) অংশ নিয়েছেন দলটির প্রতিনিধিরা। এদিন সকাল সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটি শুরু হয়েছে।
আজ বৈঠকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও সহকারী সেক্রেটারি এএইচএম হামিদুর রহমান আজাদ।
এদিন বৈঠকের শুরুতে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরির কাজ শেষ করতে চান বলে জানান।
আজকের বৈঠকের আলোচ্য সূচিতে রয়েছে, আগের অসমাপ্ত আলোচনা সমাপ্তিকরণ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) ও রাষ্ট্রপতি নির্বাচন। আগামীকাল ১৯ জুনও আলোচনা চলবে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।
আজ বৈঠকে বিএনপিসহ এনসিপি, ইসলামী আন্দোলন, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনসহ অন্য রাজনৈতিক দলগুলো অংশ নিয়েছে।















