পঞ্চগড় সদর উপজেলার মৌলানিপাড়া এলাকায় সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ৮ হাজার ৪০০ পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ইব্রাহিম আলী নামে এক ওষুধ ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তিনি পঞ্চগড় শহরের ব্যারিস্টার বাজারের 'ভাই ভাই ফার্মেসি'র মালিক।

মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাতে সেনাবাহিনীর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ইব্রাহিমের বাড়িতে অভিযান চালান। এ সময় ইব্রাহিমের ঘরে রাখা কয়েকটি ব্যাগ থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। সঙ্গে তার মোবাইল ফোনও জব্দ করা হয়। উদ্ধার করা ট্যাবলেটগুলোর বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সন্ধ্যার পর থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু হয়। প্রথমে এক ট্যাবলেট ক্রেতাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে পঞ্চগড় বাজারের লিটন নামে আরেক ওষুধ ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ইব্রাহিমের অবস্থান নিশ্চিত করা হয়। এরপর রাত ১১টার দিকে মেজর মো. মেহেদী পিয়াস জয়ের নেতৃত্বে সেনাসদস্য ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন।

আটকের পর ইব্রাহিমকে সেনাক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

সেনা কর্মকর্তা মেজর মেহেদী পিয়াস বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জনগণের নিরাপত্তা নিশ্চিতে মাদকসহ নানা অপরাধ দমনে নিয়মিত কাজ করছে। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৮ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডলসহ একজনকে আটক করা হয়েছে।

পঞ্চগড় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রাহুল সেন বলেন, জেলায় বেশ কিছু ঔষধের দোকানে নিষিদ্ধ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট বিক্রির তথ্য রয়েছে। এসবের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে। আটক ইব্রাহিমের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া তার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।