নয়া দিল্লির হায়দরাবাদ হাউজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২২ জুন) দুপুর ১২টার পর এই বৈঠক শুরু হয়। আনুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি দুই নেতা একান্ত বৈঠকও করবেন।

এদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রপতি ভবনের সামনে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতি ভবনে একটি লাল গালিচা বিছিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নরেন্দ্র মোদি আনুষ্ঠানিক সংবর্ধনা জানান। এই সময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়।

ভারতের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করে। প্রধানমন্ত্রী গার্ড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন।

এরপর ভারতের প্রধানমন্ত্রী প্রেজেন্টেশন লাইনে শেখ হাসিনার সঙ্গে তার মন্ত্রিসভার সহকর্মীদের পরিচয় করিয়ে দেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীও তার সফরসঙ্গীদের মোদির সঙ্গে পরিচয় করিয়ে দেন।