পূর্বশত্রুতার জের ধরে নড়াইলে জিহাদ মোল্যা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। গতকাল দুপুর ১২টার দিকে বাংলা দ্বিতীয়পত্রের এমসিকিউ পরীক্ষা দিয়ে বের হলে সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে তাকে কুপিয়ে ও বেধড়ক মারপিট করে জখম করা হয়। সে পৌরসভার মাছিমদিয়া এলাকার ইবাদুল মোল্যার ছেলে এবং এপিবিএসএল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
জানা গিয়েছে, পূর্বশত্রুতার জের ধরে জিহাদ মোল্যার সঙ্গে তার বন্ধু নিশান ও নাহিদের বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে জিহাদ পরীক্ষা দিয়ে কেন্দ্র থেকে বের হয়ে রাস্তায় এলে নিশান ও নাহিদের নেতৃত্বে
১০-১৫ জন তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেছে। সদর থানার ওসি মাহামুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।










