গাজীপুরের শ্রীপুরের মাওনা হাইওয়ে থানায় হামলা চালিয়ে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে থানার সীমানা প্রাচীরের ভেতরে থাকা রেকার ও থানার একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়।

শনিবার (৩ আগস্ট) বেলা তিনটার দিকে আন্দোলনকারী ছাত্ররা মাওনা হাইওয়ে থানায় হামলা চালায়। বিকেল তিনটার দিকে আন্দোলনকারী ছাত্ররা মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের বকুলতলায় অবস্থিত মাওনা হাইওয়ে থানায় হামলা চালায়। এ সময় হামলাকারীরা হাইওয়ে থানার সীমানা প্রাচীরের ভেতর থাকা হাইওয়ে থানার রেকার (বিকল গাড়ি সরানোর গাড়ি) ও টহলের কাজে ব্যবহৃত পুলিশ ভ্যানে আগুন দেয়।

এর আগে, শনিবার বেলা ১১টা থেকে আন্দোলনরত ছাত্ররা মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড়ে অবস্থান নেয়। এদিকে সরকার দলীয় কর্মী ও সমর্থকরা মাওনা চৌরাস্তার ফ্লাইওভারের নিচে অবস্থান নিলে উত্তেজনা দেখা যায়। কিছু সময় পর ছাত্ররা লাঠিসোঠা হাতে মিছিল নিয়ে মাওনা ফ্লাইওভার এলাকায় যায়। এ সময় ছাত্ররা পুলিশ ও সরকার দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়।

এরপর উত্তেজিত শিক্ষার্থীরা মাওনা ফ্লাইওভারের নিচে থাকা তিনটি পুলিশ বক্সে আগুন দেয়। পরে আগুন দেয়া হয় পুলিশের গাড়িতেও।

এ বিষয়ে জানতে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহবুব মোর্শেদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।