পাবনায় যৌতুকের দাবি মেটাতে না পারায় স্ত্রী নাছিমা খাতুনকে হত্যার দায়ে স্বামী সিফাত আলীকে ৫০ হাজার টাকা জরিমানাসহ মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মামলার অন্য তিন আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

গতকাল বেলা ১১টার দিকে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সিফাত আলী জেলার চাটমোহর উপজেলার ধুলাউড়ি স্কুলপাড়ার রব্বেল আলীর ছেলে। হত্যার শিকার নাছিমা খাতুন নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার ভিটাকাজীপুর গ্রামের  মো. আরদেশ প্রামাণিকের মেয়ে।

মামলার এজাহারে জানা গেছে, যৌতুকের দাবি মেটাতে না পারায় ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর স্ত্রী নাছিমাকে স্বামী সিফাত আলী পরিবারের লোকজনের সহায়তায় ব্যাপক মারধর ও গলাটিপে হত্যা করেন।