ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন গ্রহণ ও ফি জমা দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করেন। যা আগামী ১০ মে পর্যন্ত চলবে। এসময় ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান এবং বিভিন্ন অনুষদের ডিন উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং অথবা ইন্টারনেট ব্যাংকিং এবং রাষ্ট্রায়ত্ত সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকের মাধ্যমে ফি পরিশোধ করতে পারবে। আবেদনকারী শিক্ষার্থীরা আগামী ১৬ মে থেকে পরীক্ষা শুরুর ১ঘন্টা পূর্ব পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
প্রসঙ্গত, ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী এ বছর ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ০৩ জুন, কলা অনুষদভুক্ত খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ০৪ জুন, বিজ্ঞান অনুষদভুক্ত ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ জুন, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১১ জুন এবং চারুকলা অনুষদভুক্ত চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৭ জুন অনুষ্ঠিত হবে। এবারও ভর্তি পরীক্ষা রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা থাকবে। ‘চ’ ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের এমসিকিউ এবং ৬০ নম্বরের লিখিত পরীক্ষা নেয়া হবে। ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। ‘চ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://admission.eis.du.ac.bd-এ দেখা যাবে।










