মুন্সিগঞ্জের সিরাজদীখানে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে শরীফ হোসেন ফালান মিয়া (৩৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার চরগুলগুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার বাসাইল ইউনিয়নের চরগুলগুলিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে ইয়াকুব মিয়ার সঙ্গে শাহাজামালের দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় শরীফ হোসেন ফালান মিয়াসহ অন্তত ১০ জন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে টেঁটাবিদ্ধ শরীফ মিয়াকে স্থানীয়রা ঘটনাস্থল থেকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে  সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে বিকালে অর্ধশতাধিক টেঁটা ও লাঠিসোঁটা জব্দ করেছে পুলিশ।

সিরাজদীখান থানার থানার ওসি একেএম মিজানুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।