ছাঁটাইয়ের প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। গতকাল দুপুরে উপজেলার গিলারচালায় প্যারামাউন্ট টেক্সটাইল মিলের শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কয়েক কিলোমিটার যানজট দেখা দেয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে আন্দোলনরত শ্রমিকরা মহাসড়ক ছেড়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনরত শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ কোনো প্রকার নোটিস ছাড়াই শ্রমিকদের ছাঁটাই করে আসছে। এছাড়া ঈদে মাত্র তিনদিন ছুটি দেয়। বার্ষিক লভ্যাংশের যে টাকা দেয় সেটাও তুলনামূলক কম। বিষয়গুলো নিয়ে একাধিকবার কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করলেও সমাধান হয়নি।

প্যারামাউন্ট টেক্সটাইলের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. মাইনুদ্দিন বলেন, ‘আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। পরে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে।’