নরসিংদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাস থেকে নিচে পড়ে গেছে একটি বাস। এই
দুর্ঘটনায় নুরুল ইসলাম (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪৪ জন। গতকাল শনিবার (১০ আগস্ট) মধ্যরাতে ঢাকা-সিলেট মহাসড়কের জেলা হাসপাতাল সংলগ্ন বাসাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম সিলেটের গোবিন্দগঞ্জ বিশ্বনাথ এলাকার আবুল মন্নাফের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী ঢাকা এক্সপ্রেসের বাসটি একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে আরেকটি ট্রাকের সামনে পড়ে। এ সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের প্রায় ৩০ ফিট নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও সেনা সদস্যদের সহায়তায় আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেয়া হয়।
নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান জানান, যাত্রীবাহী বাসের দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত ৪৪ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢামেকে পাঠানো হয়েছে।










