গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শমেস উদ্দীন বাবুকে (৫৫) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে বামনডাঙ্গা স্টেশন এলাকার একটি চা দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শমেস উদ্দীন বাবু গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর ও আগুনের ঘটনায় জড়িত। এ ঘটনায় গত ২৬ আগষ্ট সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন বিএনপি নেতা আব্দুল হাই সরকার।
গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার (৯ অক্টোবর) রাতে গোপন খবরে অভিযান চালিয়ে বামনডাঙ্গা স্টেশন এলাকা থেকে শমেস উদ্দীন বাবুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।
শমেস উদ্দীন বাবু বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের মৃত ওসমান মণ্ডলের ছেলে। তিনি একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা আত্মগোপনে চলে যান। কিন্তু এই নেতা গত ২৭ আগষ্ট নিজ বাড়িতে সাংবাদিকদের ডেকে আওয়ামী লীগের সদস্য ও সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। অসুস্থতার কারণ দেখিয়ে স্বেচ্ছায় অব্যহতি নিয়ে সে সময় একটি ঘোষণা পত্রেও স্বাক্ষর করেন তিনি।
আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা দলীয় প্রতীকে ২০২১ সালে বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করে পরাজিত হন।










