মন্ত্রী হওয়ার পরে নিজ এলাকায় সফরে এসে থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান।আজ শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়ায় নিজ বাসভবনে ফরিদপুরের মধুখালী ও বোয়ালমারী উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ নির্দেশনা দেন তিনি। 

মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, তার পক্ষে কেউ কোনো ধরনের সুপারিশ নিয়ে থানায় বা কোনো দফতরে যাবে না। একই সঙ্গে  তিনি আরো বলেন, সাধারণ মানুষ যেন থানায় গিয়ে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন। মানুষ যাতে তাদের আইনগত অধিকার থেকে বঞ্চিত না হন সে বিষয়ে খেয়াল রাখারও নির্দেশনা দেন তিনি। মতবিনিময় সভায় উপস্থিত অন্যান্য দফতরের কর্মকর্তাদের উদ্দেশেও তিনি একই কথা বলেন। এ সময় মন্ত্রীর এমন বক্তব্যকে স্বাগত জানান কর্মকর্তারা। 

মতবিনিময় সভায় মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামনুন আহমেদ অনিক,  বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. মিরাজ হোসেন ও বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ শেখ সাদীসহ দুই উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।