ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে বাসের চাপায় কমপক্ষে তিনজন পোশাক শ্রমিক নিহত ও ১৪ জন আহত হয়েছেন। আজ বুধবার (১১ অক্টোবর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন।

তিনি জানান, আজ সকালে শেরপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল এস এস ট্রাভেলসের একটি। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় চাকা পাংচার হলে যাত্রীরা অন্য বাসের জন্য অপেক্ষা করছিলেন। এরপর ৮টার দিকে রাসেল স্পিনিংয়ের একটি বাস রাস্তার পাশ থেকে যাত্রী তুলছিল। এসময় পেছন থেকে একটি দ্রুতগতির বাস যাত্রীদের ওপর উঠে পড়লে কমপক্ষে তিনজন নিহত ও ১৪ জন আহত হন।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাদেকুর রহমান জানান, নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন। আহত ১৪ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তারা পোশাক শ্রমিক বলে জানান সাদেকুর রহমান।

দুর্ঘটনার পর কিছুক্ষণ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।