গত কয়েকদিনের টানা ভারী বর্ষণের কারণে ফেনী শহরের প্রধান প্রধান সড়কগুলো পানির নিচে তলিয়ে গেছে। আজ বুধবার (৯ জুলাই) সকালে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ৩ থেকে ৪ ফুট ওপর দিয়ে পানি প্রবাহিত হতে দেখা গেছে। তবে পৌরসভার পরিচ্ছন্নতা টিম নিয়ে দ্রুত পানি সরাতে কাজ করছে ফেনী পৌর প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ফেনী পৌরসভার বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, শহরের দ্বিতীয় প্রধান সড়ক শহীদ শহীদুল্লা কায়সার সড়কের সমবায় সুপার মার্কেট, শহর পুলিশ ফাঁড়ি, ডাক্তার হায়দার হাসপাতাল সড়ক, এসি মার্কেটের সামনে পুলিশ কোয়ার্টার রাস্তার মাথা, পানি উন্নয়ন বোর্ড, স্টারলাইন টার্মিনাল, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডসহ পুরো সড়কজুড়ে পানি প্রবাহিত হচ্ছে। এসব সড়কে জীবনের ঝুঁকি নিয়ে রিকশা ও সিএনজিতে মানুষ চলাচল করছে।

ফেনীর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, সোমবার বিকাল থেকে ফেনীতে ভারী বৃষ্টি শুরু হয়। বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ফেনীতে ৩৯৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মূলত ভারী বৃষ্টির কারণে শহরের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

ফেনী পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, শহরের প্রধান সড়কসহ বিভিন্ন সড়ক ও অলি-গলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পৌরসভা এলাকায় পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। তারপরও আমরা মাঠে থেকে দিন-রাত কাজ করে যাচ্ছি। দুই-তিন ঘণ্টা বৃষ্টি বন্ধ থাকলে পানি নেমে যাবে।

এদিকে, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা জানান, ফেনীতে ভারী বৃষ্টির কারণে শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন সড়কে পানি জমে আছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও পানি ওঠার খবরও তাদের হাতে এসেছে। এমন অবস্থায় ফেনীর সব শিক্ষা প্রতিষ্ঠানে চলমান বিভিন্ন পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে বলে শিক্ষা বিভাগ নিশ্চিত করেছে।