চট্টগ্রামের রাউজান উপজেলার সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মামলায় ফজলে করিমসহ আরো ২৭ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ করা হয়েছে।  

সোমবার (১৯ আগস্ট) চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজদৌল্লাহ মামলাটি করেন। মামলায় এবিএম ফজলে করিম চৌধুরীকে প্রধান আসামি করে মোট ২৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ৫ থেকে ৬ জনকে আসামি করা হয়েছে। আসামিরা সবাই রাউজান উপজেলার বাসিন্দা।

আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ১২ সেপ্টেম্বর সাবেক সংসদ সদস্যের নির্দেশে আসামিরা চেয়ারম্যানের বাড়িতে প্রবেশ করে হত্যা চেষ্টা চালায়। এ সময় তাদের আলমারির তালা ভেঙে ৭ ভরি স্বর্ণালংকার এবং ১৫ হাজার টাকা লুট করে দুর্বৃত্তরা। এছাড়া বাড়ির মূল্যবান আসবাব ভাঙচুর করে প্রায় চার লক্ষ টাকার ক্ষতি করে। একই সঙ্গে, ইউপি চেয়ারম্যানকে অপহরণ করে হত্যার উদ্দেশে একটি টিনশেড ঘরে আটকে রাখা হয়। তার মাথার চুল ও মুখের দাঁড়ি ফেলে বিবস্ত্র করে ছবি তুলে সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে দেখানো হয়। পরে সেই ছবি ফেসবুকে প্রচার করা হয়। এরপর অস্ত্র মামলায় বাদীকে পাঠানো হয় কারাগারে।