ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কাজে নিয়োজিত সব কর্মকর্তা ও কর্মচারীদের পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করার জন্য তাগিদ দিয়ে খুদে বার্তা পাঠানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব ও ওসিভি-এসডিআই-এর প্রকল্প পরিচালক কে এম আলী নেওয়াজের সই করা এ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা যায়।

চিঠিতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-এ দেশের অভ্যন্তরে কর্মরত সরকারি কর্মকর্তা বা কর্মচারী ও সশস্ত্র বাহিনীতে কর্মরত কর্মকর্তা বা কর্মচারীরা (আইবাস++ সিস্টেম এর মাধ্যমে বেতনভোগী কর্মকর্তা বা কর্মচারীরা) ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন শেষ করে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে।

এতে আরো বলা হয়েছে, আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন শেষের জন্য খুদে বার্তা (এসএমএস) সব সামরিক ও বেসামরিক কর্মকর্তা বা কর্মচারীর (আইবাস++ সিস্টেমের মাধ্যমে বেতনভোগী কর্মকর্তা বা কর্মচারীরা) কাছে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

যে খুদে বার্তা পাঠানো হবে সেটাতে থাকবে ‘আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য সব সরকারি কর্মকর্তা বা কর্মচারীকে (সামরিক ও বেসামরিক) ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন শেষ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।’’

ইসি জানায়, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।