নেত্রকোনা-মদন সড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তাদের শিশু কন্যা।

আজ বৃহস্পতিবার (২ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে আটপাড়া উপজেলার মাটিকাটা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন খালিয়াজুরীর সাতগাঁ গ্রামের মৃত লুৎফুর রহমান ছেলে মোটরসাইকেল আরোহী আজারুল ইসলাম নান্টু এবং তার স্ত্রী নাইসা আক্তার। তারা নেত্রকোনা পৌর শহরের নাগঢ়া এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, আজ সকালে নান্টু মোটরসাইকেল চালিয়ে স্ত্রী ও শিশু কন্যাকে নিয়ে গ্রামের বাড়ি খালিয়াজুরী যাচ্ছিলেন। পথিমধ্যে মাটিকাটা এলাকায় মদন থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এ সময় স্ত্রী-কন্যাসহ নান্টু রাস্তায় ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নান্টুকে মৃত ঘোষণা করেন।

পরে গুরুতর আহত নাইসা আক্তার ও শিশু কন্যাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন নাইসা মারা যান।

এ বিষয়ে আটপাড়া থানার অফিসার ইনচার্জ উজ্জল কান্তি সরকার বলেন, ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।