বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় দুই
শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার
(২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২ দিকে পশ্চিম কাউনিয়ার হাজেরা খাতুন স্কুল সংলগ্ন
এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভোলার বাসিন্দা ইউনুস (৫০) ও নগরীর বিসিক এলাকার বাসিন্দা হাবিব (৩৫)।
তারা দুজনেই বালু ভরাটের কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি
(তদন্ত) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন,
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত
দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার পর ট্রাক
ফেলে পালিয়ে যাওয়ায় চালকসহ ট্রাকের কাউকে আটক করা যায়নি। অবশ্য ঘাতক ট্রাকটিকে
জব্দ করা হয়েছে।
মোস্তাফিজুর রহমান বলেন,
কোনো প্রত্যক্ষদর্শী না পাওয়া যায়ওয়ায় দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের
মরদেহ এরই মধ্যে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল
কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ
ঘটনায় ট্রাকের কাগজপত্র থেকে মালিককে ও তার মাধ্যমে চালককে খুঁজে বের করার চেষ্টা
করবে পুলিশ।










