চাঁদপুরের হাজীগঞ্জ ও লক্ষ্মীপুরের রামগঞ্জের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কটি। চার বছর আগে চাঁদপুর সীমানা পর্যন্ত ১২ কিলোমিটার সড়কে দৃশ্যমান কাজ হলেও বছর না যেতেই ছোট ছোট গর্ত সৃষ্টি হয়। কয়েক মাস পরপর এসব গর্ত ভরাট করলেও স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ দেখা যায়নি। বেহাল সড়কে এক প্রকার বাধ্য হয়েই চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

যদিও চাঁদপুর সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. মোশারফ হোসেন বলেন, ‘আমরা এরই মধ্যে সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লা অঞ্চলে প্রস্তাব পাঠিয়েছি। তাছাড়া সড়ক মেরামতে একাধিকবার ক্ষুদ্র মেটারিজের কাজ হয়েছে এবং গর্তগুলো পূরণের ব্যবস্থা নেয়া হবে।’

সরজমিনে দেখা গেছে, বৃষ্টির কারণে হাজীগঞ্জ পশ্চিম বাজার থেকে শুরু করে জিয়ানগর, বেলচোঁ বাজার, মনতলা বাজার ও ফকির বাজার এলাকায় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এসব স্থানে বাস, ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা মাঝেমধ্যেই ছোটখাটো দুর্ঘটনার শিকার হচ্ছে। ১০ মিনিটের রাস্তা পার হতে আধা ঘণ্টা দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।

সড়কটি সংস্কারের অগ্রগতির বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লা অঞ্চলের সহকারী প্রকৌশলী হাসান ইমাম বলেন, ‘আমাদের কাছে সড়কটি মেরামতের প্রস্তাবনা এসেছে। সরজমিন তদন্ত শেষে টেন্ডার আহ্বান করা হবে।’