নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনা এবং এ খাতে ক্যারিয়ার গড়ার পথ নিয়ে গত শনিবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ শিল্পবিশেষজ্ঞ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ব্র্যাকইউ ইইই আয়োজিত এ অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘সবুজ ভবিষ্যতের পথে: নবায়নযোগ্য জ্বালানিতে ক্যারিয়ারের সন্ধান’। ভিওলা কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং সুপার স্টার, লঙ্গি ও অ্যাস্ট্রোএনার্জির সহযোগিতায়, পাশাপাশি বিইউইইসি, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ওসিএসএআরের সম্পৃক্ততায় অনুষ্ঠানটি আয়োজিত হয়।
দেশের বিদ্যুৎ, অর্থায়ন, ব্যাংকিং ও উৎপাদন শিল্পের পাঁচজন বরেণ্য পেশাদার প্যানালিস্ট হিসেবে অংশ নেন কমোডর এম শরীফ উদ্দিন ভুঁইয়া (অব), রিয়াদ বিন শাহিদ, মো. শরীফুজ্জামান, এবিএম ফকরুল আলম এবং সৈয়দ আরিফ মাহমুদ। অনুষ্ঠানে দেড়শতাধিক শিক্ষার্থী ও সাম্প্রতিক গ্র্যাজুয়েটের পাশাপাশি বিভিন্ন দেশী-বিদেশী কোম্পানির করপোরেট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভিওলা কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আহামেদ ইমতিয়াজ।
এলিনোর সোলার সলিউশনস লিমিটেডের চেয়ারম্যান কমোডর এম শরীফ উদ্দিন ভুঁইয়া (অব) বলেন, বাংলাদেশ ক্রমেই শিল্প ও বাণিজ্যিক পর্যায়ে রুফটপ সোলার স্থাপনায় এগিয়ে যাচ্ছে এবং ইউটিলিটি-স্কেল সোলার, হাইব্রিড সিস্টেম ও ব্যাটারি স্টোরেজ প্রযুক্তিতে বিপুল সম্ভাবনা রয়েছে।
ইদকলের সহকারী সহ-সভাপতি (কারিগরি) রিয়াদ বিন শাহিদ বলেন, প্রজেক্ট মূল্যায়ন, টেকনিক্যাল ডিউ ডিলিজেন্স ও ডেভেলপমেন্ট ফাইন্যান্সে দক্ষ প্রকৌশলীদের চাহিদা ক্রমশ বাড়ছে। শুধু ইঞ্জিনিয়ারিং নয়, অর্থনীতির ভাষাটাও বুঝতে হবে এখন প্রকৌশলী দের বলে তিনি তাগিদ দেন।
সিটি ব্যাংকের প্রজেক্ট ইন্সপেকশন ও অ্যাসেসমেন্ট বিভাগের প্রধান মো. শরীফুজ্জামান জানান, নবায়নযোগ্য জ্বালানি এখন আর ব্যাংকিং খাতে কুলুঙ্গিতে থাকা বিনিয়োগ নয়। ইএসজি (পরিবেশ, সামাজিক ও প্রশাসন) সম্মতি এবং গ্রিন ফাইন্যান্সিং এখন ব্যাংকগুলোর কৌশলগত অগ্রাধিকারে পরিণত হয়েছে। যে পেশাদাররা প্রকৌশল ও আর্থিক বিশ্লেষণ — দুটোই বোঝেন, তাদের বাজারমূল্য এখন অনেক বেশি।
উর্মি গ্রুপের সাসটেইনেবিলিটি বিভাগের প্রধান এ বি এম ফকরুল আলম বলেন, আন্তর্জাতিক ক্রেতারা এখন পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়া প্রমাণের দাবি করছে। তাই নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, শক্তি সাশ্রয়ী প্রযুক্তি ও পরিবেশগত সম্মতি নিশ্চিত করার দক্ষতাসম্পন্ন প্রকৌশলীদের চাহিদা শিল্প খাতে আগের চেয়ে অনেক বেশি।
বিএসআরএম গ্রুপের চট্টগ্রাম পাওয়ার কোম্পানি লিমিটেডের উপদেষ্টা সৈয়দ আরিফ মাহমুদ বলেন, রুফটপ সোলার থেকে শুরু করে এনার্জি স্টোরেজ সিস্টেম, স্মার্ট এনার্জি ম্যানেজমেন্ট ও পাওয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট— এসব ক্ষেত্রেই দক্ষ গ্র্যাজুয়েটদের জন্য নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছে।
প্রধান অধিবেশন শেষে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা সরাসরি প্যানেলিস্টদের কাছে তাদের ক্যারিয়ার, স্কিলস এবং শিল্পের বাস্তবতা সম্পর্কে প্রশ্ন করেন।
অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ব্র্যাকইউ ইইইর ইন্টেরিম কমিউনিকেশনস কমিটির সেক্রেটারি আহমেদ রাইসুস সালেহিন মারুফ বলেন, আমাদের গ্র্যাজুয়েটরা যেখানে আছেন এবং শিল্প খাত যেখানে তাদের দেখতে চায়— এই দূরত্বটা কমিয়ে আনাই আমাদের লক্ষ্য। এ ধরনের আয়োজন সেই প্রচেষ্টারই একটি অংশ।










