জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মুজিব বর্ষে শতঘণ্টা মুজিব চর্চাবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে জুমের মাধ্যমে ভার্চুয়ালি এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে ‘আগামীর বাংলাদেশ ও মুজিব চর্চার প্রাসঙ্গিকতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাসবিদ ও বিশিষ্ট লেখক ড. মুনতাসীর মামুন।

প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন দেশ পেতাম না। আমাদের পরবর্তী প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দিতে বঙ্গবন্ধু সম্পর্কে জ্ঞান লাভের বিকল্প নেই।

ড. মুনতাসীর মামুন বলেন, বঙ্গবন্ধু সম্পর্কে আমাদের জানার ও বোঝার অনেক ঘাটতি আছে। তাই বঙ্গবন্ধুকে জানতে হলে আমাদের ’৭১-এর ইতিহাস ও সাহিত্য সম্পর্কে আরো বেশি জ্ঞান লাভ করতে হবে। এছাড়া জুমের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত ছিলেন পুলিশ সুপার মো. রাফিউল আলম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন প্রমুখ।