ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক ফজলে এলাহীর স্থায়ী জামিন মঞ্জুর করেছেন চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালত। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জামিন মঞ্জুর করেন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবির। এর আগে গত ৮ জুন চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার শর্তসাপেক্ষে সাত দিনের জন্য জামিন মঞ্জুর করেন রাঙামাটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তার আদালত।  

ফজলে এলাহীর আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম ও মোহাম্মদ ফজলে আজিম শাওন জানান, আজ সাইবার ট্রাইব্যুনাল আদালতে জামিন আবেদন করা হয়। বিজ্ঞ আদালতে আবেদনের প্রেক্ষিতে সন্তুষ্ট হয়ে জামিন আবেদন মঞ্জুর করেছেন। 

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেফতার করে রাঙ্গামাটির কোতোয়ালি থানা পুলিশ। এর পরদিন বুধবার শর্তসাপেক্ষে সাতদিনের জন্য জামিন মঞ্জুর করেছেন রাঙ্গামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তার আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালত জামিন মঞ্জুর করেছেন।

চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল আদালতে করা এই মামলার বাদী জেলা মহিলা আওয়ামী সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর কন্যা নাজনীন আনোয়ার। ফজলে এলাহীর দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ছাড়াও বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি, দৈনিক কালের কণ্ঠ, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম, দ্য বিজনেস স্ট্যাডার্ড পত্রিকার রাঙ্গামাটি প্রতিনিধি।