আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি আসনের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি দেয়ার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় তিনি রাঙ্গামাটি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে পহেল চাকমা উল্লেখ করেন, শনিবার (১৭ জানুয়ারি) রাত ৮টার দিকে আমি শহরের স্টেডিয়াম মার্কেটের পাশে আমার কার্যালয়ে অবস্থান করছিলাম। এ সময় মোটরসাইকেলে দুজন এসে আমাকে একটা রেস্তোরায় নিয়ে যায় এবং তারা আমাকে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য বিভিন্ন ধরণের হুমকি দেয়।
হুমকির বিষয়ে তিনি বণিক বার্তাকে বলেন, গতকাল রাতে দুজন ব্যক্তি এসে আমাকে নির্বাচন থেকে সরে যেতে বলে। যদি আমি সরে না যাই, তাহলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়া হয়। এরপর রাতে আমি থানায় একটা ডায়েরি করি এবং প্রচারণাসহ জীবনের নিরাপত্তা চেয়ে জেলা রিটানিং কর্মকর্তার কাছে আবেদন করি।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দীন বলেন, রাতে থানায় একটি ডায়েরি করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।










