গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল
নিয়ে আওয়ামী লীগ বিচলিত নয়। এটি জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য
করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
তিনি আরো বলেন, সিটি করপোরেশন, পৌরসভার
মতো স্থানীয় সরকার নির্বাচনের ফলাফলে অনেক ফ্যাক্টর কাজ করে। গাজীপুরে সুষ্ঠু সুন্দর
ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, আমরা সেটিই চেয়েছিলাম। আমরা আগের মতো আবারও জাতিকে দেখিয়েছি
বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব।
আজ শনিবার (২৭ মে) দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
‘আন্দোলন করে আগামী
নির্বাচনকে বিএনপি ব্যাহত করতে পারবে না’ উল্লেখ করে মন্ত্রী
বলেন, বিএনপি আন্দোলন করে কোনক্রমেই বৈধ সরকারের পতন ঘটাতে পারবে না। আগামী নির্বাচন
সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য হবে। তারপরও বিএনপি যদি ষড়যন্ত্র করে অসাংবিধানিক সরকারকে
ক্ষমতায় আনতে চায়, নির্বাচন বানচাল করতে চায়, তাহলে এ দেশের প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী
বাহিনী তা মোকাবেলা করবে। আর আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী
বাহিনীকে সহযোগিতা করবে।
যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে হতাশ ও
উদ্বিগ্ন হওয়ারও কিছু নেই বলে মন্তব্য করেন কৃষিমন্ত্রী।
তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্রের কোনো নিষেধাজ্ঞা
নয়। আমরা যেটি চাই- দেশে একটি সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে নির্বাচন,
সেটিই যুক্তরাষ্ট্র আগামী নির্বাচনে দেখতে চায়। এক্ষেত্রে বিএনপিই মূল বাধা। আন্দোলন
করে, সন্ত্রাস করে বিএনপি নির্বাচনকে ব্যাহত করতে চায়, বানচাল করতে চায়। বিএনপি ২০১৪
ও ২০১৮ সালের নির্বাচনকে বানচালের চেষ্টা করেছিল।
সেরকম ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে,
সেজন্যই যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি ঘোষণা করেছে।
টাঙ্গাইল জেলা যুব লীগের সভাপতি রেজাউল
রহমান চঞ্চলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, যুবলীগের
চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, সাবেক টেলিযোগাযোগ
প্রতিমন্ত্রী তারানা হালিম, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক,
সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, মো. ছানোয়ার হোসেন, হাছান ইমাম খান সোহেল হাজারী,
তানভীর হাসান ছোট মনি, আহসানুল ইসলাম টিটু, নিক্সন চৌধুরী, মমতা হেনা লাভলী, যুবলীগের
সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ মামুনসহ যুবলীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেত্ববৃন্দ।










