সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন জাতিসংঘের মহাসচিব কর্তৃক গঠিত মাল্টি-ডাইমেনশনাল ভালনারেবিলিটি ইনডেক্স (এমভিআই) বিষয়ক স্বতন্ত্র বিশেষজ্ঞ প্যানেলের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
বিশ্বের ১৫ জন বিশেষজ্ঞ সদস্যের সমন্বয়ে গঠিত এ আন্তর্জাতিক প্যানেলের সদস্যরা এমভিআই'র ভবিষ্যৎ উন্নয়ন, প্রয়োগ এবং বৈশ্বিক নীতি প্রক্রিয়ায় এর কার্যকারিতা নিশ্চিত করতে কাজ করবেন। প্যানেলটি এমভিআই সেক্রেটারিয়েট এবং জাতিসংঘ পরিসংখ্যান কমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের রেজোলিউশন ৭৮/৩২২ অনুযায়ী, প্যানেলের দায়িত্ব হলো প্রতি তিন বছরে মাল্টি-ডাইমেনশনাল ভালনারেবিলিটি ইনডেক্স পর্যালোচনা করা, প্রয়োজন অনুযায়ী পদ্ধতিগত উন্নয়নের সুপারিশ প্রদান, এবং উন্নয়নশীল দেশগুলো কীভাবে ভালনারেবিলিটি হ্রাস করছে ও স্থিতিস্থাপকতা বাড়াচ্ছে তা পর্যবেক্ষণ করা। এ ছাড়া জাতিসংঘ পরিসংখ্যান কমিশন ও সাধারণ পরিষদে উত্থাপিত বিষয়সমূহ বিবেচনা করা এবং জাতিসংঘ ব্যবস্থায় এমভিআই ব্যবহারের অভিজ্ঞতা এবং সেখান থেকে পাওয়া শিক্ষাগুলো পর্যালোচনা করাও এ বিশেষজ্ঞ প্যানেলের কাজের অন্তর্ভুক্ত।
উল্লেখ্য, ড. ফাহমিদা খাতুন বর্তমানে ইউনাইটেড নেশন্স কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের (ইউএনসিটিএড) প্রোডাকটিভ ক্যাপাসিটিজ ইনডেক্স সংক্রান্ত উচ্চপর্যায়ের উপদেষ্টা বোর্ডের সদস্য, ব্র্যাক-এর বোর্ড সদস্য, এবং বাংলাদেশ ব্যাংকের বোর্ড পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।










