নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজারে আগুনে পুড়ে গেছে শতাধিক দোকান।  বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

রমজান উপলক্ষে দোকানগুলো ছিল মালপত্রে পরিপূর্ণ। সেসব দোকান পুড়ে ছাই হয়ে মাটিতে মিশে গেছে। সারা দিনের বিক্রীত অর্থ ও চাবি ছাড়া আর কিছুই বের করতে পারেননি দোকানিরা। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে মনিহারি, জুয়েলারি, হার্ডওয়্যার, তৈরি পোশাক, চাল, সুতা, ফার্নিচার ও কাঁচামালের দোকান। এছাড়া কয়েকটি বসতঘরও পুড়ে গেছে।  ঘটনার পর থেকে চলছে ক্ষতিগ্রস্তদের আহাজারি। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে শ্যামগঞ্জ বাজারের মোদকপট্টি মন্ডল হার্ডওয়্যারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। পাশের নূরুল আমীনের সুতার দোকান থেকে ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে নেত্রকোনা, পূর্বধলা, গৌরীপুর ও ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে। স্থানীয়দের সহযোগিতায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ কোটি টাকার ওপর বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা।