সাতক্ষীরা শহরের নিম্ন আয়ের মানুষের সুপেয় পানির অধিকার নিশ্চিতের দাবিতে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের আয়োজনে শহরের মানগ্রোফ সভাকক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজি ফিরোজ হাসান। আরো বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির সদস্য সচিব ও সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, দক্ষণের মশাল সম্পাদক আশেক ইলাহী, উন্নয়নকর্মী মাধব দত্ত, সাংবাদিক মিজানুর রহমান, গোলাম সরোয়ার ও আহসানুর রাজিব প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুপেয় পানির সন্ধানে ছুটছে উপকূলীয় জনপদের মানুষ। এক কলস পানির জন্য নারীরা ছুটছেন এক গ্রাম থেকে অন্য গ্রামে। ভোর থেকে দুপুর পর্যন্ত লাইনে দাঁড়িয়েও এক কলস পানি মিলছে না। পানির চাহিদা না মেটায় ঘরে ঘরে নারী নির্যাতনের ঘটনা বাড়ছে। এ চিত্র জেলার উপকূলীয় জনপদে বসবাসরত প্রায় ১০ লাখ মানুষের প্রতিদিনের। লবণাক্ততা, আর্সেনিক আর অপরিকল্পিত চিংড়ি চাষের কারণে এ অঞ্চলের মানুষ এখন সুপেয় পানির সংকটে। বিশেষ করে সাতক্ষীরার তালা, শ্যামনগর, আশাশুনি, কালীগঞ্জ ও দেবহাটা উপজেলাজুড়ে সুপেয় পানির তীব্র সংকট।
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত মেয়র কাজি ফিরোজ হাসান বলেন, ‘নাগরিকদের মাঝে সুপেয় পানি সরবরাহে পৌরসভা ব্যর্থ হয়েছে। পৌর এলাকার নয়টি ওয়ার্ডের মধ্যে চারটি ওয়ার্ডে কোনো রকম পানি সরবরাহ করা হয়। আর বাকি পাঁচ ওয়ার্ডে এখনো পর্যন্ত সুপেয় পানি সরবরাহ করতে পারে না পৌরসভা। শুধু পানিই নয়, অন্যান্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে নাগরিকরা। বিশেষ করে পর্যাপ্ত ড্রেন, কালভার্ট না থাকায় ভয়াবহ জলাবদ্ধতা হচ্ছে শহরে।’ তিনি আরো বলেন, ‘প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও সরকারের পক্ষ থেকে তেমন কোনো প্রকল্প আসে না এখানে।’










