নদীতে মাছ ধরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশী এক যুবক আহত হয়েছেন। গতকাল ভোরে ভোলাহাট উপজেলার পোল্লাডাঙ্গায় এ ঘটনা ঘটে। আহত জাহাঙ্গীর আলম (২৪) ভোলাহাট উপজেলার কলনি পাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে। ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত জাহাঙ্গীর আলমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, গতকাল সকাল সাড়ে ৬টার দিকে ভারত সীমান্তবর্তী ভোলাহাট উপজেলার পোল্লাডাঙ্গায় নদীতে মাছ ধরতে যান তিনি। এ সময় বিএসএফের গুলি তার ডান হাতে লাগে। আহতাবস্থায় তাকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিব অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভোরে মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে জাহাঙ্গীর ভারতীয় অংশে চলে যান। এ সময় বিএসএফ গুলি চালালে তিনি আহত হন। জাহাঙ্গীরের ডান হাতের কনুইয়ে গুলি লেগেছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে।










