ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক খাতের শ্রমিকদের চলমান আন্দোলনের মাঝে আশুলিয়া থানায় আরও পাঁচটি মামলা হয়েছে। এ সব মামলায় বিভিন্ন কারখানায় হামলা ও ভাংচুরের অভিযোগ আনা হয়েছে।

এর আগে ১২টি মামলা দায়ের হয়। নতুন পাঁচটিসহ এখন পর্যন্ত সেই সংখ্যা দাঁড়াল ১৭।

আজ সোমবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম।

তিনি বলেন, আগের ১২টি মামলার পর নতুন আরও পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। ১৭টি মামলার মধ্যে চারটি মামলায় মোট নামীয় আসামি আছে ৬১ জন, বাকিরা অজ্ঞাতনামা। গ্রেফতার রয়েছেন মোট সাতজন। ১৭টি মামলায় মোট অজ্ঞাতনামা আসামির সংখ্যা সাড়ে তিন হাজার থেকে চার হাজারের মতো।

তিনি আরও জানান, ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি ও র‌্যাব সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।