খাগড়াছড়ির গুইমারায় অনুমোদনহীন চার ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ইটভাটায় পোড়ানোর জন্য মজুদ করা কাঠ জব্দ করা হয়।
গতকাল দুপুরে উপজেলার আমতলীপাড়ার মেসার্স তারা ইটভাটা, এসবি ইটভাটা, ফোর স্টার ইটভাটা ও বাইল্যাছড়ির মদিনা ইটভাটায় অভিযান পরিচালনা করেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী। লাইসেন্স ছাড়া ইট তৈরি, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা ও ইটভাটায় জ্বালানি কাঠ ব্যবহারের অপরাধে ওই চার ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা করে ২ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী।










