পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশের আগর-আতর শিল্পের উন্নয়নে কাজ করছে সরকার। এ লক্ষ্যে বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় কৃত্রিম পদ্ধতিতে কম সময়ে সম্পূর্ণ বৃক্ষে উন্নতমানের আগর রেজিন সঞ্চয়নকারী কিট ও এর সফল প্রয়োগ পদ্ধতি উদ্ভাবন করার কার্যক্রম নেয়া হবে। এছাড়া বিদেশের বাজারে আগর কাঠ, তেল ও আগরজাত পণ্যের সহজ প্রবেশার্থে মান পরীক্ষণ ও গুণগত মান নির্ধারণের ব্যবস্থা করা হবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী গতকাল বিকালে বড়লেখার আজিমগঞ্জ বাজারে বাংলাদেশ আগর অ্যান্ড আতর ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে বন্যাদুর্গতদের মধ্যে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, অনেক আগে থেকেই দেশে আগর-আতরের কাজ চলমান রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটিকে ক্ষুদ্র শিল্প হিসেবে ঘোষণা করেছেন এবং এর উন্নয়নে কাজ করছেন। মন্ত্রী বলেন,
কভিড-১৯ ও ইউরোপে চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক বাজারে তেল, গ্যাস ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে। যুদ্ধ শেষ হলে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। মন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের ও রাস্তাঘাটের উন্নয়নে সম্ভাব্য সবকিছু করা হবে।
অ্যাসোসিয়েশনের সভাপতি আনছারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী, নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম হেলাল উদ্দিন,
বড়লেখা থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার প্রমুখ।










