জয়পুরহাটে দুটি ট্রেনে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে গ্রেফতার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। গতকাল ভোরে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন জয়পুরহাট সদরের নিশিপাড়ার অপু (২৪) ও তাইজুল ইসলাম (২৬) এবং আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর গ্রামের মমিন (২৬)।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন জানান, ৪ ডিসেম্বর ভোরে জয়পুরহাটের পাঁচবিবি রেলওয়ে স্টেশনে দ্রুতযান এক্সপ্রেস এবং ১৫ ডিসেম্বর রাতে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে উত্তরা এক্সপ্রেস মেইল ট্রেনে অগ্নিসংযোগ করা হয়। ওই দুটি ঘটনার মূল হোতা অপু, তাইজুল ও মমিন। গতকাল ভোরে অভিযান চালিয়ে তাদের জয়পুরহাটের নিশিপাড়া ও আক্কেলপুরের রুকিন্দিপুর থেকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সান্তাহার রেলওয়ে থানায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।










