রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের মাশালিয়া বিলে অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকা মূল্যের দেড় হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে প্রশাসন। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় এক জেলেকে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসীন হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। বালিয়াকান্দি থানা পুলিশ ও আনসার সদস্যরা এতে সহযোগিতা করেন।

জানা গেছে, অভিযানে তিন শতাধিক চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে সেগুলো রাজবাড়ী পৌর শহরের শহীদ খুশি রেলওয়ে মাঠে জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় মাশালিয়া বিল এলাকায় স্থানীয়দের মাঝে জীববৈচিত্র্য ও পোনা মাছ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা চালানো হয়।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসীন হাসান বলেন, মাশালিয়া বিল মাছের ভাণ্ডার হিসেবে পরিচিত। মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানভীর আহমেদ, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন, আনসার সদস্য ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা ছিলেন।