লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের (বিএসএফ) নির্যাতনে সাদ্দাম হোসেন (৩২) নামে এক বাংলাদেশী যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ রোববার ভোরে উপজেলার গোতামারী ইউনিয়নের সীমান্ত পিলারের কাছে তাকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নেয়ার সময় তিনি মারা যান। শরীরে আঘাতের চিহ্ন দেখে পুলিশ ধারণা করছে, নির্যাতনের ফলে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে।
স্থানীয়রা জানায়, সীমান্ত দিয়ে ভারতীয় গরু আনার চেষ্টা করার সময় বিএসএফের কয়েকজন সদস্য তাকে ধরে নিয়ে নির্যাতন করে এবং সীমান্তে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার সময় পথে তার মৃত্যু ঘটে। গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা জানান, তিনি লাশ দেখেছেন। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) ফরহাদ ইমরুল কায়েস ও হাতীবান্ধা থানার ওসি শাহা আলম মৃত সাদ্দাম হোসেনের বাড়ি পরিদর্শন করেছেন। তাদেরও ধারণা, নির্যাতনের ফলে সাদ্দামের মৃত্যু হয়েছে।
এদিকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এসএম তৌহিদুল ইসলাম বলেন, এরই মধ্যে বিএসএফের সঙ্গে একিটি পতাকা বৈঠক ডাকা হয়েছে। তাদের সঙ্গে আলোচনার পর জানা যাবে, বিএসএফের নির্যাতনে সাদ্দাম মারা গিয়েছেন, নাকি অন্য কোনো প্রতিপক্ষ তাকে হত্যা করেছে।










