আওয়ামী লীগের কার্যক্রম যেমন নিষিদ্ধ হয়েছে, তেমনিভাবে জাতীয় পার্টিরও কার্যক্রম নিষিদ্ধের দাবি করেছে জামায়াতে ইসলামী। প্রধান উপদেষ্টার সঙ্গে রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৬টায় বৈঠক শেষে তার বাসভবন যমুনার সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের একথা বলেন।

বৈঠকে জাতীয় পার্টির বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা- গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে আব্দুল্লাহ মো. তাহের বলেন, জাতীয় পার্টির ব্যাপারে সুস্পষ্ট করে বলেছি, ফ্যাসিবাদী আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, তেমনিভাবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা যেতে পারে। আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করেছে জাতীয় পার্টি। সুতরাং আওয়ামী লীগের ব্যাপারে যেরকম সিদ্ধান্ত নেয়া হয়েছে, জাতীয়পার্টির ব্যাপারে সেরকম সিদ্ধান্তই নেয়া যেতে পারে।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুরের ওপর হামলার বিষয়ে জামায়াতের নায়েবে আমির বলেন, নুরুল হক নুর গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক। তার ওপরে যেভাবে হামলা হয়েছে তা নিন্দাজনক, ন্যক্কারজনক, দুঃখজনক বললেও কম হবে। এই হামলার প্রতিবাদ জানানোর জন্য নতুন শব্দ উদ্ভাবন করতে হবে। এর সঙ্গে যারা যারা জড়িত তাদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেয়া দরকার বলে আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি। ভিপি নুরের ওপরে হামলাকে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে তিনি উল্লেখ করেছেন।

ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে জামায়াতের চার সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেন। অন্যরা হলেন- দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং হামিদুর রহমান আযাদ।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।