মানিকগঞ্জে থেমে থাকা একটি স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক পারভেজ খান গুরুতর দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত ভোররাতে শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আগুনে দগ্ধ বাসচালক পারভেজ খানের (৫৫) বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামে। রাতে তিনি গাড়িতেই ঘুমিয়ে ছিলেন। তাকে প্রথমে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী জানান, দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বহনকারী বাসটি (ঢাকা মেট্রো ব-১১-৯৩৯৫) প্রতিদিনের মতো ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ছিল। এ সময় চালক পারভেজ খান বাসের মধ্যে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক দেড়টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ সময় ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. আমান উল্লাহ বলেন, এটি নাশকতা কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।