দেশের ২৮টি জেলার ২৩ লাখ ৫০ হাজার প্রান্তিক মানুষের ডিজিটাল জ্ঞান, দক্ষতা, সহনশীলতা ও নিরাপদ অনলাইনে দক্ষ করে গড়ে তুলতে যৌথভাবে কাজ করছে প্ল্যান ইন্টারন্যাশনাল, টেলিনর ও গ্রামীণফোন। তাদের জীবনমান উন্নয়নে যৌথ উদ্যোগে নেয়া হয়েছে দুই বছর মেয়াদি ডিজিটাল ইনক্লুশন প্রকল্প। প্রকল্পটি চলবে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। এরই মধ্যে সাড়ে সাত লাখের বেশি মানুষকে প্রশিক্ষণ দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রকল্পসংশ্লিষ্টরা।
প্রথম দিকে প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে চ্যালেঞ্জ থাকলেও এখন কাজ অনেক সহজ হওয়ায় লক্ষ্যমাত্রা অনুসারে নির্ধারিত সময়ের মধ্যেই বাকিদের প্রশিক্ষণ দেয়া সম্ভব হবে বলে জানিয়েছেন তারা। গতকাল ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের ঋষিপাড়া এবং সাভারের ব্যাংক টাউন এলাকায় প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রমের অগ্রগতি পরিদর্শনে আসেন প্ল্যান ইন্টারন্যাশনাল, টেলিনর ও গ্রমীণফোনের কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন টেলিনরের হেড অব সাসটেইনেবিলিটি জোহান মার্টিন, গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও) সৈয়দা তাহিয়া হোসেন, গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার (সিসিএও) হ্যান্স মার্টিন হেনরিক্সন ও প্ল্যান ইন্টারন্যাশনাল নরওয়ের অ্যাডভাইজার (ওয়াইইই অ্যান্ড ডিজিটাল) আলেকজান্দ্রিয়া কেন্সল্যান্ড লেটেলিয়ারসহ প্রতিষ্ঠান তিনটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।










