ঝিনাইদহ পৌরসভাটি প্রথম শ্রেণীর তালিকাভুক্ত হলেও এখানকার অবকাঠামোগত সুবিধা খুব নিম্নশ্রেণীর বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। পৌরসভার ১ নং ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা।

স্থানীয়রা বলছেন, পৌরসভার ১ নং ওয়ার্ডের ধোপাঘাটা গবিন্দপুর পুরাতন ব্রিজ থেকে পবহাটি বিশ্বরোড সড়ক এবং বিশ্বরোড বাঁশ হাটা থেকে সৃজনী মোড় সড়ক পর্যন্ত সড়কদুটি দীর্ঘদিন ধরেই ব্যবহারের অনুপযোগী।

সরজমিন পরিদর্শন করে জানা যায়, নির্মাণের পর সড়কগুলো আর কোনোদিন সংস্কার করা হয়নি। এর ফলে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটিতে ছোট বড়ো অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। কিছু কিছু জায়গায় সড়কের অস্তিত্ব নেই বললেই চলে। এমনকি ‘‌পিচঢালা’ সড়কে পিচ নেই বললেই চলে, বড়জোর দেখা মিলবে ইটের খোয়া ও মাটির।

দুর্ভোগের শিকার স্থানীয় খানে খোদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরাও। স্কুলে যাওয়ার সময় ভাঙা রাস্তায় পড়ে গিয়ে তাদের আহত হওয়ার কথা শোনা যায় প্রায়ই। এসব শিশু এবং স্থানীয়দের কথা চিন্তা করে এলাকাবাসীর প্রত্যাশা, যত দ্রুত সম্ভব রাস্তাটি সংস্কারে হাত দেবে প্রশাসন। এছাড়া রাতের বেলায় চলাচলের জন্য ওই রাস্তায় সড়কবাতিরও প্রয়োজন বলে জানান এলাকাবাসী।

এই সড়ক দুটির বেহাল দশার কথা স্বীকার করেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টিপু সুলতান। তিনি বলেন, এরই মধ্যে সড়ক চলাচলের উপযোগী করার বিষয়ে পৌর মেয়রের সঙ্গে কথা হয়েছে। অন্যান্য সড়কের পাশাপাশি এগুলোও পর্যায়ক্রমে সংস্কার করা হবে। সড়কবাতিগুলোও সংস্কার করার আশ্বাস দেন কাউন্সিলর।