জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই 'তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫'-কে বিল আকারে পেশ করা হবে। আইনটি সরকারের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে থাকবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।
আজ শুক্রবার বিকালে বাংলা একাডেমির কবি শামসুর রহমান সেমিনার রুমে নারী মৈত্রী আয়োজিত তামাক বিরোধী যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
'প্রটেক্টিং হেলথ অব ওমেন, চিলড্রেন অ্যান্ড ইয়ুথ ফ্রম টোব্যাকো হার্মস' শীর্ষক এ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, আমরা সরকারি ও বিরোধীদলসহ সব পক্ষ একমত হয়েছি, তামাকবিরোধী অধ্যাদেশটিকে দ্রুততম সময়ে আইনে রূপান্তরিত করব। আগামী ২৯ মার্চ আমাদের একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে এবং সংসদের প্রথম অধিবেশনেই ৩০ দিনের বাধ্যবাধকতা মেনে এটি বিল আকারে পেশ করা হবে। আইনটি সরকারের কাছে ফার্স্ট প্রায়রিটি বা সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে থাকবে।
সম্মেলনে বক্তারা উদ্বেগ প্রকাশ করে জানান, দেশে প্রতিদিন ৫৪৬ জন এবং বছরে প্রায় ২ লাখ মানুষ তামাকজনিত কারণে প্রাণ হারাচ্ছেন। এ ভয়াবহ পরিস্থিতি সত্ত্বেও তামাক কোম্পানিগুলো অত্যন্ত পরিকল্পিতভাবে ব্রেইন গেম খেলে তরুণদের আসক্ত করছে। তামাক কোম্পানিগুলো চায় না, তরুণরা প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে উঠুক, তাই তাদের নেশার জালে আটকে ফেলা হচ্ছে।
প্রতিমন্ত্রী ফারজানা শারমীন আরো বলেন, শুধু আইন করে কোনো কিছু পরিবর্তন সম্ভব না, যদি তার সঠিক প্রয়োগ না থাকে। আমরা অনেক সময় দেখি যারা আইন রক্ষা করবেন, তারাই প্রকাশ্যে ধূমপান করে আইন ভঙ্গ করছেন। তাই তামাকমুক্ত সমাজ গড়তে হলে আমাদের প্রত্যেকের জায়গা থেকে সচেতন হতে হবে। তামাক থেকে সরকার যে রাজস্ব পায়, তার চেয়ে অনেক বেশি অর্থ ব্যয় হয়ে যায় তামাকজনিত রোগের চিকিৎসায়।
অনুষ্ঠানে নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আক্তার ডলি, ইয়ুথ ফোরাম এগেইনস্ট টোব্যাকো, তামাক বিরোধী শিক্ষক ও অভিভাবক ফোরামের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।










