পঞ্চগড়ে সীমান্তে আরো ২৩ জনকে ঠেলে দিয়েছে (পুশ-ইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের মধ্যে ১৩ জন নারী, নয়জন পুরুষ ও একটি শিশু রয়েছে। গতকাল ভোরে সদর উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত এলাকা দিয়ে তাদের ঠেলে দেয়া হয়।
পরে ঘাগড়া বড়বাড়ি এলাকায় চলাফেরা করতে দেখে বিজিবি তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ তাদের নাম-ঠিকানা যাচাই-বাছাই করছে। সঠিক পরিচয় নিরূপণ করে তাদের অভিভাবকের হাতে তুলে দেয়া হবে বলে জানিয়েছে পুলিশ। তাদের বাড়ি যশোর, সাতক্ষীরা, নড়াইল ও লালমনিরহাট জেলার বিভিন্ন গ্রামে।
বিজিবি জানায়, আটককৃতদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ বলছে, থানায় তাদের নাম-ঠিকানা যাচাই-বাছাই করা হচ্ছে। আপাতত তাদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হবে। সঠিক পরিচয় পাওয়ার পর আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হবে।
পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লাহ হিল জামান জানা, বিজিবি ২৩ জন নারী, পুরুষ ও শিশুকে থানায় হস্তান্তর করেছে। তাদের নাম-ঠিকানা যাচাই করা হচ্ছে।
এর আগে ৩১ জুলাই রাতে পঞ্চগড়ের দুটি সীমান্ত দিয়ে নয়জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ও সদর উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্ত দিয়ে তাদের পুশ-ইন করা হয়। এছাড়া ১৬ জুলাই রাতের আঁধারে ২৪ জনকে ‘পুশ-ইন’ করে বিএসএফ। এ নিয়ে গত তিন মাসে জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৮০ জনকে পুশ-ইন করেছে বিএসএফ।










