জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চার পদে নতুন মুখ এসেছে। এর আগে যারা দায়িত্ব পালন করছিলেন তাদের অনুরোধের ভিত্তিতে অব্যাহতি দেয়া হয়েছে।  

আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত আলাদা চারটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, বিজ্ঞান কারখানার ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. মো. সালাহউদ্দিনের স্থলে রসায়ন বিভাগের অধ্যাপক ড. সুবর্ণা কর্মকারকে নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়া শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ ছায়েদুর রহমানের স্থলে নগর অঞ্চল ও পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফসানা হককে, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজের স্থলে পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সৈয়দ হাফিজুর রহমানকে এবং ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. এ এ মামুনের স্থলে রসায়ন বিভাগের অধ্যাপক ড. কৌশিক সাহাকে নিয়োগ দেয়া হয়েছে।  

অফিস আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পদগুলোতে দায়িত্ব পালন করবেন তারা।