বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেডের
(বাপেক্স) সাবেক উপমহাব্যবস্থাপক (ভূতত্ত্ব) নাজমা বেগমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র
(চার্জশিট) দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের
অভিযোগে গত ৮ ফেব্রুয়ারি চার্জশিটটি দাখিল করা হয়। দুদকের সহকারী পরিচালক আতাউর রহমান
সরকার চার্জশিটটি (নম্বর-১২) দাখিল করেছেন।
চার্জশিট সূত্রে জানা গেছে, নাজমা বেগম নিজ নামে জ্ঞাত আয় বহির্ভূত
৮১ লাখ ৬২ হাজার টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। অর্জিত সম্পদের মধ্যে ৩৮ লাখ
৩৭ হাজার টাকা মূল্যের স্থাবর সম্পদের তথ্য গোপন করে দুদকে মিথ্যা তথ্য সম্বলিত সম্পদ
বিবরণী দাখিল করেন। তিনি দুদক আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ
করেছেন।
নাজমা বেগম দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে তার নামে ৭১ লাখ ৬৪ হাজার
৬শ টাকার স্থাবর সম্পদ অর্জনের তথ্যের ঘোষণা দেন। তদন্তে তার নামে ১ কোটি ১০ লাখ ২
হাজার টাকা মূল্যের স্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে।
তার নামে ঢাকার লালবাগের আজিমপুর রোডে ১ কোটি ১ লাখ ৩৭ হাজার টাকা
মূল্যের একটি বাড়ি ও রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৮ লাখ ৬৪ হাজার ৬শ টাকা মূল্যের
৫ কাঠার একটি প্লট পাওয়া গেছে।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি
নাজমা বেগম ও তার স্বামী আহসানুল বাশারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন সহকারী
পরিচালক আতাউর রহমান সরকার। মামলার এজাহারে আহসানুল বাশারের নামে জ্ঞাত আয় বহির্ভূত
৫০ লাখ ৬৫ হাজার ১৯৭ টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়। তার মামলাটির
তদন্ত চলমান।










