পিরোজপুরের কঁচা নদীতে পা ফসকে নিখোঁজ রাজস্ব কর্মকর্তা আব্দুল্লাহ হীল কাফীর (৪০) মরদেহ ৪০ ঘণ্টা পর উদ্ধার হয়েছে। আজ শনিবার বেলা ১২টার দিকে সদর উপজেলার গাজীপুর মাদ্রাসার ঘাট এলাকায় লাশটি পাওয়া যায়।

কাফীর নিখোঁজ হওয়ার স্থান বেকুটিয়া ঘাট থেকে উদ্ধানের স্থানের দুরত্ব ৭ কিলোমিটার। পিরোজপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সামসুজ্জোহা বিষয়টি নিশ্চিত করেছেন।

সাতক্ষীরা-২ অঞ্চলের সহকারী রাজস্ব কর্মকর্তা কাফীর বাড়ি ভোলার বোরহানুদ্দিন উপজেলার চরটিকিয়া গ্রামে। তার বাবা মৃত কেফায়েত উল্লাহও শুল্ক কর্মকর্তা ছিলেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান জানান, আব্দুল্লাহ হীল কাফী বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা থেকে বরিশাল যাচ্ছিলেন। পথে পিরোজপুরের বেকুটিয়া ফেরি ঘাটে নেমে মোবাইলে কথা বলতে গিয়ে পা ফসকে নদীতে পড়ে নিখোঁজ হন। আজ দুপুরে তার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

কাফীর ব্যক্তিগত গাড়ির চালক মো. ইব্রাহিম বলেন, স্যারকে নিয়ে  বৃহস্পতিবার সাতক্ষীরা থেকে বরিশালে যাচ্ছিলাম। বরিশালে স্যারের জন্মদিন পালন শেষে শুক্রবার ঢাকায় ইন্দিরা রোডের বাসায় ফেরার কথা ছিল। কিন্তু এরই মধ্যে দুর্ঘটনা ঘটল।

লাশ উদ্ধারের খবর পেয়ে আব্দুল্লাহ হীল কাফীর মা ও অন্যান্য স্বজন বেকুটিয়ায় উদ্দেশ্যে রওয়ানা হয়েছে বলে জানান ইব্রাহিম।

এর আগে গত বৃহস্পতিবার দুর্ঘটনার বর্ণনা দিয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সামসুজ্জোহা জানান, রাত সাড়ে আটটার দিকে কাফী বেকুটিয়া ঘাটে ফেরির জন্য অপেক্ষা করছিলেন। ওই সময় মোবাইল ফোনে কথা বলতে বলতে পন্টুনের দক্ষিণ পাশে আগে থেকেই নোঙ্গর করা একটি ফেরির দিকে যেতে থাকেন। কিন্তু কাফী পা ফসকে পন্টুন ও ফেরির মাঝে ফাঁকা জায়গায় পড়ে নদীতে ডুবে যান।