লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী গরু পারাপারকারী রাখাল নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে কালীগঞ্জের বুড়িরহাট বিওপির অধীন ৯১৭ নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের মালগাড়া বালাটারী এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে মো. ভাসানী (৪৫) ও একই ইউনিয়নের ময়নারচওড়া এলাকার মোসলেম উদ্দিনের ছেলে ইদ্রিস আলী (৪৪)।
গোড়ল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার গভীর রাতে কালীগঞ্জ বুড়িরহাট বিওপির অধীন ৯১৭ নম্বর মেইন পিলার এলাকার ৫ নম্বর সাবপিলার এলাকা দিয়ে ভারতে গরু আনতে যায় ইদ্রিস আলী ও ভাসানীসহ সাত-আটজনের একটি রাখাল দল। এ সময় ভারতীয় কোচবিহার ৭৫-বিএসএফ ব্যাটালিয়নের সাতভান্ডারিয়া ক্যাম্পের টহল দলের সদস্যদের ছোড়া গুলিতে দুই বাংলাদেশী নিহত হন। অন্যরা পালিয়ে আসতে পারলেও ভারতের অভ্যন্তরে ইদ্রিস ও ভাসানীর মরদেহ পড়ে রয়েছে।
গোড়ল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করার কথা নিশ্চিত করে বলেন, বিএসএফের গুলিতে ইদ্রিস আলী ও ভাসানী নামে দুজন চোরাকারবারি নিহত হয়েছে। তাদের মরদেহ ভারতীয় অভ্যন্তরে রয়েছে বলে আমরা জানতে পেরেছি।
এ ব্যাপারে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এসএম তৌহিদুল ইসলামের ব্যবহূত সরকারি মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কল রিসিভ করেন সুবেদার মেজর আশরাফ আলী। তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য না করে বলেন, সিও স্যার খুবই ব্যস্ত আছেন। আপনার ফোন করার বিষয়টি স্যারকে অবহিত করব।










