বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স)বিশ্বমানের একাডেমিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গতকাল বঙ্গভবনে বুটেক্স উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামানের নেতৃত্বে এক প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ নির্দেশনা দেন।
রাষ্ট্রপ্রধান বলেন, ‘টেক্সটাইল বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতিতে অন্যতম প্রধান এবং সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত।’ তিনি টেক্সটাইল খাতের আধুনিকায়ন ও বৈচিত্র্যকরণে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিশ্ববাজারে বাংলাদেশের টেক্সটাইল পণ্যকে আরো বেশি জনপ্রিয় ও আকর্ষণীয় করতে ব্যবসায়ী, বিনিয়োগকারী ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের এগিয়ে আসার আহ্বান জানান। সাক্ষাৎকালে বুটেক্স উপাচার্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমসহ সার্বিক বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি বলেন, ‘১৯৫৭ সালে তৎকালীন সরকারের মন্ত্রী থাকাকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টেক্সটাইল ইনস্টিটিউটের একাডেমিক ও আবাসিক ভবন নির্মাণের জন্য তেজগাঁওয়ে জায়গা বরাদ্দ দেন এবং প্রতিষ্ঠানটির নির্মাণকাজ শুরু করেন।’










