অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পুলিশ-সেনাবাহিনী দিয়ে আনন্দ উৎসব আয়োজন করতে যাওয়া আমাদের ব্যর্থতা। এ সরকার এমন বাংলাদেশ গঠন করতে চায় যেখানে সব সম্প্রদায় এবং নাগরিকের সমান অধিকার থাকবে।
শনিবার (১২ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, চারদিনের ছুটিতে দুর্গাপূজার আনন্দ এবার বিশেষ আনন্দে পরিণত হয়েছে। দেশজুড়ে সবাই এটা অনুভব করছে। শুধু সনাতন ধর্মাবলম্বীরাই নয়, সব ধর্মাবলম্বী আনন্দ করছে, উৎসব করছে।










